চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইটে এই ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার মো. রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে ফরেস্ট গেইট এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আজাদকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি সঙ্গে সঙ্গেই সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানান, মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে বলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে বলেও জানান তিনি।
মতামত দিন