Views Bangladesh Logo

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে প্রকাশ্যে মো. জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি দিলুর মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুলিবাগান এলাকায় থাকা বাবার পানের দোকানে যাওয়ার উদ্দেশ্যে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হন জলিল। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কথা বলার সময় তার সঙ্গে তর্কাতর্কি হয়। পরে কুলিবাগান বটতলা থেকে কিছুটা দূরে যাওয়ার পর একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজনের একজন জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি দুটি তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, গুলি ছোড়ার পর টহলরত পুলিশের একটি দল মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ