Views Bangladesh Logo

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। স্বজনদের দাবি, তাঁর সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। বুধবার সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

স্বজনেরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে গৃহ নির্মাণের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তাঁর পরিচিতি ছিল বলে দাবি স্বজনদের।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঞ্জুরুলের বাবা খোকন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। সেখানে ছেলের মৃত্যুর খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ