চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, শিশু আহত
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চোখের কোণে গুলি লেগে ১১ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে এই হামলার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান ওরফে রাজু (২৪)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ৩ মে রাউজান থেকে রউফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন রাজু। গতকাল রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
হামলা চলাকালীন রেশমি আক্তার নামে স্থানীয় এক শিশু পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিটি তার চোখের কোণে আঘাত হানে। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। তার আঘাত গুরুতর।
বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গত ২২ মাসে রাউজান এলাকায় কয়েক দফায় গোলাগুলিতে অন্তত ২৩ জন নিহতের ঘটনা ঘটেছে। রউফাবাদের এই খুনের সাথে রাউজানের সেই দীর্ঘদিনের সহিংসতার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে