Views Bangladesh Logo

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলেন যুবক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এতে মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসহায় মায়ের শেষ সম্বল।

বুধবার ভোরে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভোরে মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, শহিদুল প্রায়ই মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করত এবং বিভিন্ন সময় ঘরবাড়ি ভাঙচুর করত।

ভুক্তভোগী হেনয়ারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নিয়মিত টাকার জন্য চাপ দিত। টাকা না দিলে মারধর করত। ভয়ে তিনি প্রায়ই পালিয়ে থাকতেন। ঘটনার রাতে টাকা না পেয়ে তাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, তার বড় ছেলে কাজের জন্য ভারতে গিয়ে প্রায় ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। বর্তমানে ছোট ছেলের এমন কর্মকাণ্ডে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ