নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদীর পলাশ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঘটনার পর গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মিসাত শেখ উপজেলার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মিসাত শেখ ও তার সহযোগী মারুফকে আসামি করে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন। তিনি বলেন, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যান মিসাত শেখ ও মারুফ। পরে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে মিসাতকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি শাহেদ আল মামুন বলেন, গ্রেপ্তার প্রধান আসামি মিসাতকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে