চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের বগিপাড়া এলাকায় নিজের মাকে মারধর করায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবু মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার প্রভাব পড়েছিল তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। বুধবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান বাবু। পরে তার মা এলাকার কয়েকজনের কাছে বিচার দেন। রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়ি ফিরলে এলাকাবাসী তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিুর রহমান জানান, দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে বাবু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
ওসি মতিুর রহমান আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে