Views Bangladesh Logo

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-লাখাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মিনহাজসহ কয়েকজন রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় তাদের লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মিনহাজ ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের গুলিতে তিনি আহত হন। পরে বাংলাদেশে ফিরিয়ে আনার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ