Views Bangladesh Logo

কুড়িগ্রামে সড়ক নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী (৪০) ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় একটি বেদখল সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার ওই সড়কে মাটি কাটার কাজ শুরু করতে গেলে জয়নাল মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে জিন্নাত আলীর বিরোধ সৃষ্টি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জিন্নাত আলী। সংঘর্ষে জয়নাল মিয়া ও তাঁর ছেলে নয়ন আলীসহ আরও কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। আহত জয়নাল মিয়া ও নয়ন আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তিনি সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ