Views Bangladesh Logo

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষ, যুবক নিহত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচকে ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি চায়ের দোকানে বসে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ দেখার সময় দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস জানান, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি বলেন, ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শরিফুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‘

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো হত্যা মামলাও দায়ের হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ