কক্সবাজারে হোটেলের মদের বারে যুবক খুন
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত রাশেদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার আগে বারে বসা কয়েকজনের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে বাইরে থেকে দুজনকে ডেকে এনে তাঁদের ওপর হামলা চালানো হলে রাশেদ গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমানও ঘটনার সূত্রপাতের বিষয়ে একই রকম কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, বাইরে থেকে আসা ওই দুজনের একজন ছিলেন রাশেদ। পরে তাদের সঙ্গে বারে থাকা লোকজনের হাতাহাতি শুরু হয় এবং রাশেদকে সেখানে মারধর করা হয়।
তিনি বলেন, বারের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত বারটি বন্ধ রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর বলেন, তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ করা হবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ঘটনার পর বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মতামত দিন