হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই এলাকার শফিক মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সীমান্তসংলগ্ন এলাকায় গরু চরাতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান বলে পরিবারের অভিযোগ।
গুলির শব্দের পর সোহাগের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে কয়েকজন মিলে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদির বলেন, সোহাগ নিয়মিতই সীমান্ত এলাকায় গরু চরাতে যেতেন। রোববার সকালে যাওয়ার পর বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের পাশাপাশি আতঙ্কও তৈরি হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত দিন