Views Bangladesh Logo

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে যুবক নিহত, পাঁচদিনেও ফেরেনি মরদেহ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম উপজেলার লামা উত্তমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।

ঘটনার পাঁচদিন পার হলেও এখনো তার মরদেহ ফেরত না আসায় চরম উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১ এপ্রিল) সাদ্দামসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান সুপারি সংগ্রহের জন্য। তারা সীমান্ত পিলার ১২৪৭-এর প্রায় ৬০০ গজ ভেতরে রাজনটিলা এলাকায় প্রবেশ করলে সুপারি বাগানের মালিক খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাদ্দাম ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা ফরহাদ মিয়া আহত হন। আহত ফরহাদকে পরে অন্য সঙ্গীরা বাংলাদেশে নিয়ে আসে।

নিহতের বড় ভাই নাজীম উদ্দীন বলেন, তার ভাইসহ চারজন ওই দিন ভারতে গিয়েছিলেন। গুলির ঘটনায় সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। এরপর থেকে তার মরদেহ আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পর নিহতের মরদেহ ভারতীয় পক্ষ নিয়ে যায়। কিন্তু পাঁচদিন পার হলেও এখনো তা হস্তান্তর করা হয়নি। এতে পরিবারটি মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি সীমান্ত অতিক্রমের পরের ঘটনা। নিয়ম অনুযায়ী মরদেহ ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তমা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম জানান, মরদেহ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ