Views Bangladesh Logo

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে যুবকের খণ্ডবিখণ্ড মরদেহ

ফেনীতে চলন্ত ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় তার মরদেহ বিচ্ছিন্ন হয়ে ঢাকা–চট্টগ্রাম রেললাইনের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার দেইয়ানগঞ্জ-সংলগ্ন মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনী শহরের ‘ফিরোজ অটো পার্টস’-এর মালিক এবং পরশুরাম উপজেলার ছিথলিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রেললাইন পার হওয়া বা লাইনে অবস্থানরত হোসেন ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আঘাতের তীব্রতায় মরদেহের অংশ বিভিন্ন স্থানে ছিটকে পড়ে।

স্থানীয়দের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী টাউন ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্মকর্তারা সদস্যপদের পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ হোসেন কিছু ব্যবসায়িক আর্থিক সমস্যার মধ্যে ছিলেন। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জিআরপির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ