যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে যুবক আহত
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে জুয়েল রানা আহত হন। তবে বিস্ফোরণের সময় ককটেলটি তার কাছে ছিল কি না, নাকি তিনি সেটি অন্য কোথাও রাখতে বা সরাতে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, মধ্যকূল নাথপাড়া মোড়ে ককটেল বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি ককটেলটি বহন করছিলেন নাকি কোথাও রাখতে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
মতামত দিন