নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, তরুণ আটক
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নাগরিয়াকান্দি-সংলগ্ন কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এর আগের দিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দিয়েছিলেন এই তরুণ। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে, এরপর বৃহস্পতিবার বিকেলে নিজের এলাকা থেকেই তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে নাগরিয়াকান্দি সেতুর ওপর একটি কুকুর নিয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আলী। কুকুরের গলায় বাঁধা রশির অন্য প্রান্তে বাঁধা একটি আস্ত ইট। আশপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন নারীসহ তিন ব্যক্তিকে। একপর্যায়ে রশির ইট-বাঁধা প্রান্তটি পাশে থাকা একজনের হাতে দিয়ে কুকুরটিকে নিজে কোলে তুলে নেন মোহাম্মদ আলী। তারপর দুজন একসঙ্গে কুকুর ও ইট নদীতে ফেলে দেন। পানিতে পড়ার পর কিছুক্ষণ অসহায়ভাবে চারপাশে তাকিয়ে থাকতে দেখা যায় কুকুরটিকে, তারপর সেটি ধীরে ধীরে ভাসতে ভাসতে দূরে সরে যায়।
ভিডিওটি বৃহস্পতিবার সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়েছিল বলে জানা গেছে। তা নজরে আসে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের, যার বাড়িও নাগরিয়াকান্দি এলাকায়। তিনি নিজের কর্মীদের নির্দেশ দেন অভিযুক্তকে ধরে আনার জন্য। বিকেলে মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে এসে শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ স্লোগান বলিয়ে কান ধরে ওঠবস করানো হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক নোমান সাদেকিন ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।
উপপরিদর্শক নোমান সাদেকিন জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা বাকি তিনজনকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।
মতামত দিন