প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, যুবককে দেওয়া হলো পুলিশে
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৩ আগস্ট) লোহাগড়া উপজেলা পরিষদের ফটকের সামনে থেকে রবিউল ইসলাম (২৭) নামে ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিউল উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
পুলিশের ভাষ্য, রবিউল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে লোহাগড়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নামে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন।
তিনি বলেন, ফেসবুকে করা মন্তব্যের বিষয়টি পুলিশ যাচাই করছে। এ ঘটনায় অন্যান্য বিষয়ও খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন