টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় মাহমুদ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার (ওসি) মাকছুদুল হোসেন।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়ের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর আলম হোসেন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন