Views Bangladesh Logo

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপির বাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন তাকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান।

সেখানে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে হামলাকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ