Views Bangladesh Logo

খুলনায় যুবককে গলাকেটে হত্যা

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগষ্ট) রাত সোয়া ৯টার দিকে আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

স্থায়ীয় সূত্রে আরও জানা যায়, জয় ঢালী নিজস্ব একটি মাছের ঘের দেখাশোনা করতেন। পাশাপাশি এলাকার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিলেন তিনি। কিছুদিন আগে হামলাকারীদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয় এবং এর জের ধরেই তাকে টার্গেট করা হচ্ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল বলেন, সংবাদ পেয়ে শহিদের মোড়ে এসে জয় ঢালীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি-কোম্পানির সদস্য ছিল। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। প্রাথমিক ধারণামতে, বি কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ