ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাব্বী (২৭)। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। রাব্বী মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিণ পাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দৌড়ে পাশের একটি দোকানের ভেতর আশ্রয় নেন।
তবে হামলাকারীরাও তার পিছু নিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন