আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো বলে জানা যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুণ মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮) ও একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্ব পাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর রয়েছে।
নিহতের স্ত্রী ও বন্ধু ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন মাদক নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে ঝামেলা চলছিল। সেই বিরোধের জেরে মঙ্গলবার রাতে রুবেলের নেতৃত্বে একটি গ্রুপ মোমিনকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা সোহেল স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা বেগতিক হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বাইপাইল বসুন্ধরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে রুবেলের নেতৃত্বে মোমিন নামের একজনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে সে মারা যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আটকরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে