Views Bangladesh Logo

রায়েরবাজারে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকতেন এবং একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করতেন।

রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমনের বাবা বশির উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘সকালে আমার ছেলে শ্বশুরবাড়িতে বেড়াতে মোহাম্মদপুরে যায়। পরে শুনি, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই নাজমুল আলম জানান, রায়েরবাজার কবরস্থানের সামনে বসে ছিলেন সুমন। হঠাৎ মুন্না নামের এক যুবকসহ কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত সুমন আগে মোহাম্মদপুরের পাবনা গলিতে থাকলেও বর্তমানে নারায়ণগঞ্জে বসবাস করতেন। পূর্ব শত্রুতার কারণে মুন্না ও তার লোকজন এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমনের নামে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ