Views Bangladesh Logo

নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের রাবেয়া বাজার মন্দির-সংলগ্ন একটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রাজ্জাক সোনাপুকুর এলাকার আবুল হোসনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যাগে নিয়ে রাবেয়া বাজার এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন রাজ্জাক। এ সময় ব্রিজের ওপর জনশূন্য স্থানে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এক যুবককে কুপিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ