যশোরে তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত যুবক উদ্ধার
যশোর শহরে ভাড়া বাসায় ঢুকে আকাশ (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় তারা। পরে প্রতিবেশীরা তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মুমিনের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত আকাশ মাগুরা সদর উপজেলার আরিফ মিয়ার ছেলে। তিনি ঘোপ সেন্ট্রাল রোডে মুমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসার ভেতর থেকে গোঙানির শব্দ ও ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। পরে কয়েকজন এগিয়ে গিয়ে ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকাশকে পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আকাশের মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি অচেতন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবক অচেতন থাকায় হামলার কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, আকাশের জ্ঞান ফিরলে তার কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য নেওয়া হবে। এরপর হামলার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
মতামত দিন