যাত্রাবাড়ীতে সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানার সনটেক এলাকার একটি সড়ক থেকে শুক্রবার সকালে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাব্বি (২৫), তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ সনটেক এলাকার একটি সুপার শপের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, রাব্বিকে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর শনির আখড়ায় বসবাস করতেন রাব্বি এবং যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন