ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ তরুণের, মামলা না নেওয়ায় যাবেন আদালতে
বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। অভিযোগে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই।
অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচ রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। এতে তার সমর্থিত দল মিসর পরাজিত হয়েছে।
তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। তার দাবি, অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে।
এসব ঘটনায় তিনি ও মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণের মতো এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে রাকিব জানান, পুলিশ মামলা না নেওয়ায় তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন।
মতামত দিন