জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার নরুন্দি মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
নিহত আব্দুল হাই সদর উপজেলার নন্দিনা এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কমিউটার ট্রেন নরুন্দি স্টেশন অতিক্রম করার পর মির্জাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা আব্দুল হাই অসাবধানতাবশত নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন