ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের
নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিদ খান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকিট না পাওয়ায় তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে যাত্রা করছিলেন। ভোরের দিকে দরজার কাছেই ঘুমিয়ে পড়লে তার হাত ফসকে যায় এবং তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান।
দুর্ঘটনায় তার একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে। পরে শরীরের বাকি অংশ পাশের একটি ডোবায় পড়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, টিকিট না পাওয়ায় মুহিদ ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে ঘুম চলে এলে হাত ফসকে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন