ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবক নিহত
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, আমীর হোসেন দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়েছিলেন। ফেরার পথে প্রচণ্ড ভিড়ের কারণে তাঁরা ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ভ্রমণ করেন।
নরসিংদী স্টেশনে যাত্রাবিরতির পর যাত্রীরা ছাদ থেকে নামছিলেন। এ সময় ট্রেনটি চলতে শুরু করলে তাড়াহুড়া করে নামার সময় আমীরের লুঙ্গি খুলে যায়। ভারসাম্য হারিয়ে তিনি দুই বগির মাঝখানে পড়ে যান এবং ট্রেন তাঁকে প্রায় ৩০ গজ টেনে নিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন