আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নেত্রকোনা শহরে আর্জেন্টিনার ফুটবল দলের জয় উদযাপনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী (২৬) শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় বিজয় উদযাপন করে সমর্থকরা। বুধবার রাতে ইংল্যান্ডকে ২-০ গোলে হারানোর পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন।
একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনের ছাদে উঠে উৎসবের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
এ ঘটনার পর উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
মতামত দিন