Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সঞ্জয় কুমার দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সঞ্জয় কুমার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পুলিশের দাবি, ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে রাতেই অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাসকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ