Views Bangladesh Logo

কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং ছয় মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ভাবী রাবেয়া আক্তার। ঘটনার পর ইমনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমনের মা মোছা. ফিরোজা বেগম ও তাঁর ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। হামলায় গুরুতর আহত রাবেয়া আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মাকে কুপিয়ে হত্যা করেন। পরে ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহানকে আছাড় দিয়ে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে ভাবী রাবেয়া আক্তারকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন রাবেয়া আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) বলেন, ২০১৮ সালে পা ভাঙার পর থেকে ইমন বাড়িতেই ছিলেন। তাঁর দুইবার অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে তাঁর মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়।

সুজন আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে জানতে পারেন, তাঁর মা ও মেয়েকে হত্যা এবং তাঁর স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ