উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত
কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বদি আলম বালুখালী জুমের ছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরতে সীমান্তসংলগ্ন এলাকায় গেলে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে বদি আলমের ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, মাইন বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন