Views Bangladesh Logo

ঋণের বোঝা ও পারিবারিক কলহ: রামুতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় এনজিও ঋণের কিস্তি নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাকিব চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মোহাম্মদ মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজারকুলের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় এক দুবাই প্রবাসীর বাসায় সপরিবারে ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে ইসমত হোসাইন তাকিবের সঙ্গে স্ত্রী রুবায়েত সারমিন মনিরার মধ্যে নানা বিষয়ে মতবিরোধের জেরে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে তাকিব তার স্ত্রীকে বের করে দিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা তাকিবকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারে।

রামু থানার এই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, ইসমত হোসাইন তাকিব বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং পারিবারিক অশান্তি লেগে থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ