Views Bangladesh Logo

চাঁদপুরে হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের ‘আত্মহত্যা’

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে ‘নাকে খত’ দেওয়ানোর অপমান সইতে না পেরে মো. মাসুম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মাসুম ওই গ্রামের মিজি বাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটোয়ারীর দুটি চীনা হাঁস ও একটি দেশি হাঁস গত শুক্রবার রাতে চুরি হয়। পরদিন সকালে হাঁস না পেয়ে অভিযোগ ওঠে, মাসুম হাঁসগুলো চুরি করে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর কাছে বিক্রি করেছেন।

এ ঘটনার জেরে রোববার দুপুরে মাসুমের বাড়িতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। সালিশে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়। সেখানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ‘নাকে খত’ দেওয়ানো হয়।

পরিবারের দাবি, এ ঘটনায় মাসুম অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন। সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মাসুম এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। হাঁস চুরির ঘটনায় সে অপরাধ স্বীকার করায় তাকে জরিমানা ও নাকে খত দেওয়া হয়। পরে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি।

অন্যদিকে, মাসুমের বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে নয়ন পাটোয়ারীসহ কয়েকজন তার ছেলেকে মারধর করেছেন। ইউপি সদস্যের নেতৃত্বে একতরফা সালিশ করে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করে বিচার দাবি করেছেন তিনি।

তবে হাঁসের মালিক নয়ন পাটোয়ারী বলেন, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছিল। তাদের সিদ্ধান্তেই বিচার হয়েছে এবং সেই রায়ে সন্তুষ্ট আমি।

মারধরের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মো. হেলালউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ