তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে: জামায়াত আমির
তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হবে—এমন প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আর চায় না। তারা বৈষম্যহীন, নিরাপদ ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে, যেখানে তরুণদের স্বপ্নের ‘বাংলাদেশ ২.০’ বাস্তবায়িত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে জুলাইয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং পরিবারতন্ত্র ও গোষ্ঠীকেন্দ্রিক ক্ষমতার কাঠামো ভাঙার দাবিতে। তাঁর ভাষায়, ২০০৯ সালের পর থেকে গুম, বিচারবহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে তামাশায় পরিণত করার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে।
জামায়াত আমিরের মতে, জুলাই-পরবর্তী সরকার কিছু সংস্কার উদ্যোগ নিলেও অনেকগুলো বাস্তবায়ন হয়নি বা প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে। এ কারণে সংস্কারকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক করতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি জনগণের ইচ্ছা প্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ।
ভাষণে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকে না, তবে সেই সাহস দেখিয়েছেন জুলাইয়ের আন্দোলনে শহীদ ও সহযোদ্ধারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে