Views Bangladesh Logo

দিনাজপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে একটি আদিবাসী পল্লির অধিকাংশ পুরুষ বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোরে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে।

নিহত হীরা মিয়া (৩৫) উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন এবং দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। পরে তিনি তাকে আটক করে আশপাশের লোকজনকে ডাক দেন।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে হীরা মিয়াকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই গ্রেপ্তারের ভয়ে বাড়ির মালিক অনিল টুডুসহ গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য এলাকা ছেড়ে চলে গেছেন।

খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এবং উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মণের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, নিহত হীরা মিয়া মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তিনি কারাভোগও করেছিলেন। তবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, ঘটনার পর বাড়ির মালিকসহ গ্রামের পুরুষ বাসিন্দাদের কাউকে পাওয়া যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ