নেত্রকোণায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলি গ্রামের পুরানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া (২৫) গামরুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তিনি কিছুদিন গ্রামছাড়া ছিলেন। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনার পর ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারবাড়ি রেলস্টেশন এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে তাকে গ্রামের একটি মসজিদের সামনে বেঁধে রাখা হয়। একপর্যায়ে গণপিটুনির ঘটনায় তিনি মারা যান।
ওসি মো. তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের বাবা সিলেট থেকে বাড়ি ফিরছেন। তিনি এলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মতামত দিন