খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
খুলনা নগরীর হরিণটানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজমল নগরীর গল্লামারী এলাকার কুতুবের ছেলে।
হাসপাতালের ওয়ার্ড বয়ের দেয়া তথ্যের বরাত দিয়ে হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তরুণ আজমলকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষকে ওই তরুণরা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার একটি চারতলা ভবনে চুরি করার সময় আজমলকে হাতেনাতে ধরে ফেলা হয়। একপর্যায়ে ভয়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে নিচে লাফ দেন এবং গুরুতর আহত হন।
তবে নিহতের শরীরের হাত ও পাসহ একাধিক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার মাথার চুলও কাটা ছিল বলে জানা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
মতামত দিন