Views Bangladesh Logo

ঈশ্বরদীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে মানিক হোসেন সুমন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, গভীর রাতে মুদি ব্যবসায়ী হাবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বাড়ি থাকায় শব্দ পেয়ে হাবিবুল ইসলাম বাইরে বের হলে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হাবিবুল ইসলাম ও তার ছেলে শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হাবিবুল ইসলাম ও তার ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ