নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগ তুলে সিজান (২৫) নামের এক যুবককে বাসা থেকে ধরে এনে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহতের বাবা ইন্নু মিয়া অভিযোগ করে বলেন, এলাকার একটি মসজিদের ইমাম কাউছার সম্প্রতি ‘আল ফালাহ’ নামের একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন, যার সদস্যসংখ্যা ৩০ থেকে ৪০ জন। শনিবার রাত ৮টার দিকে সংগঠনটির সদস্যরা সিজানকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর মাসদাইর মোড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক পেটানো হয়। মারধরে অচেতন হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্থানীয়রা জানান, সিজান এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন এবং তিনি ছিলেন চিহ্নিত ছিনতাইকারী। তার নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস ছড়িয়ে আসছিল। এসব অপকর্ম থেকে এলাকাবাসীকে বাঁচাতেই মসজিদের মুসল্লিরা ‘আল ফালাহ’ নামের সামাজিক সংগঠনটি গঠন করেন বলে তাদের দাবি। স্থানীয়রা আরও বলছেন, সিজানকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্যই আনা হয়েছিল; কিন্তু তার আগেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
মসজিদের ইমাম কাউছার বলেন, ‘সিজানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই বাসা থেকে আনা হয়েছিল। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। যারা মারধর করেছে, তারা আমাদের সামাজিক সংগঠনের সদস্য নয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত দিন