Views Bangladesh Logo

চুরির অভিযোগে যুবককে আটকে রেখে মারধর, হাট কমিটির অফিসে মিলল মরদেহ

মানিকগঞ্জ সদর উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে মারধর করে আটকে রাখার পর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে ‘অমানবিক নির্যাতনের পরিণতি’ হিসেবে দেখছেন। তবে হাট কমিটি দাবি করছে এটি ‘আত্মহত্যা’।

নিহত যুবকের নাম কৃষ্ণ রাজবংশী (৩৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে তরা বিল্টু স্মৃতি হাটের মাছ আড়তে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুইজনকে আটক করে হাট ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের একজনকে বাজার কমিটির সভাপতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু কৃষ্ণ রাজবংশীকে হাট কমিটির কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়।

স্থানীয়দের দাবি, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় হাট কমিটির অফিস কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে কৃষ্ণ রাজবংশীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হাট কমিটির কয়েকজন সদস্য দ্রুত মরদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে স্থানীয়রা বাধা দিলে তারা স্থান ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী রেদওয়ান মামুন বলেন, সকালে দুইজনকে মাছ চুরির অভিযোগে আটক করা হয়। পরে একজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। কিছু সময় পর তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

তিনি আরও বলেন, হাট কমিটির লোকজন প্রথমে মরদেহ সরানোর চেষ্টা করেছিল, পরে স্থানীয়রা বাধা দিলে তারা চলে যায়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, আটক ও নির্যাতনের সঠিক তদন্ত হওয়া উচিত।

তরা বিল্টু স্মৃতি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সকালে মাছ চুরির অভিযোগে দুইজনকে আটক করার খবর পান তারা। পরে একজনকে ছেড়ে দেওয়া হয় এবং আরেকজনের অভিভাবক আসার কথা ছিল।

তিনি দাবি করেন, পরবর্তীতে শুনি সে আত্মহত্যা করেছে। এর বেশি কিছু আমি জানি না।

তবে বাজার কমিটির সভাপতি মো. ইব্রাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করলে অবশ্যই পুলিশকে জানাতে হয়। কিন্তু এখানে তা করা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

ঘটনার পর তরা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ ময়নাতদন্ত এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করছেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ