Views Bangladesh Logo

‘লোডশেডিং নিয়ে পোস্ট শেয়ার করায়’ তরুণকে মারধর, মুক্তিপণ আদায়ের অভিযোগ

বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণকে তুলে নিয়ে মারধর এবং দুই দফায় ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী আরাফাত হোসেন উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অভিযোগের কেন্দ্রে থাকা আতাউর রহমান সানি আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আরাফাতের চাচা ও শ্রমিক দলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি দাইয়ান ফকিরের অভিযোগ, আড়াইহাজার থানার পাশে মোটরসাইকেল রেখে জিমে গিয়েছিলেন আরাফাত। পরে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় কয়েকজন তাকে ধরে পাশের একটি ক্লাবের ভেতরে নিয়ে যান।

সেখানে আতাউর রহমান সানির নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন দাইয়ান। পরে বিকাশের মাধ্যমে দুই দফায় ২০ হাজার টাকা নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

দাইয়ান ফকির বলেন, লোডশেডিং নিয়ে একটি পোস্ট শেয়ার করায় আরাফাতকে ‘ছাত্রলীগ করে’ অভিযোগ তুলে মারধর করা হয়। পরে তাকে দিয়ে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে সাবেক সংসদ সদস্যের লোক বলেও উল্লেখ করানো হয় বলে অভিযোগ করেন তিনি।

দাইয়ান আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে টাকা নেওয়ার পর আরাফাতকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। মারধরের পর আরাফাতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। একটি ক্লাবের ভেতরে আটকে রেখে তরুণকে মারধরের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে মুক্তিপণ আদায়ের অভিযোগ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিষয়টি পুলিশকে জানানোর পর থেকে ছাত্রদলের ওই নেতার পক্ষের লোকজন তাদের ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছেন দাইয়ান ফকির।

অভিযোগের বিষয়ে আতাউর রহমান সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন বলেন, আরাফাত নামে এক তরুণকে মারধরের খবর তিনি পেয়েছেন। সানিকেও তিনি চেনেন। তবে ঘটনার সময় তিনি আড়াইহাজারে ছিলেন না।

তিনি বলেন, কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তিনি ছাত্রদলের নেতাকর্মী হন বা অন্য কেউ, প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

তবে মোবারক হোসেন অভিযোগ করেন, আরাফাত বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে লেখা ও ভিডিও শেয়ার করেছেন।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ