Views Bangladesh Logo

অভয়নগরে বিদ্যালয় মাঠে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ ওই এলাকার ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনকে আটক করে। এরপর তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. সবুজ জানান, হাসপাতালে আনার আগেই রিয়াজের মৃত্যু হয়। তার শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহত রিয়াজ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ