খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
খাগড়াছড়ির মানিকছড়িতে সাড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত মো. সাব্বির (১৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তিনটহরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির ওই উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পাশের উপজেলা ফটিকছড়িতে একটি ফলের দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে শিশুটিকে কেক খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে শিশুটি নিখোঁজ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পরিবার।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বর্তমানে ভুক্তভোগী শিশুটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর দ্রুত থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, শনিবার দুপুরে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, ভুক্তভোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে