Views Bangladesh Logo

সিলেটের বালাগঞ্জে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। ঘটনার পর মণ্ডপ কমিটির সদস্যরা পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে শিমুলকে আটক করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে আঘাত করেন। এতে প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের ভাষ্য, ঘটনার পর শিমুলকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত একটি বটি দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, মামলার পর শিমুলকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর পূজামণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ