ময়মনসিংহে নৌকায় ঘুরতে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
ময়মনসিংহের নান্দাইলে নৌকায় ঘুরতে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর গতকাল রোববার রাতে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশ।
অভিযুক্তের নাম মোহাম্মদ মোস্তফা, পেশায় মাছ বিক্রেতা। তিনি নান্দাইল উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও শিশুটির স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে কাজে যাওয়ার সুযোগে মোস্তফা তাকে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরতে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন।
মা বাড়ি ফিরে শিশুটিকে খুঁজতে শুরু করলে দেখেন, শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরছে। পরে শিশুর কাছ থেকেই ঘটনার বিষয়টি জানতে পারেন তিনি।
পরিবারটি প্রথমে বিষয়টি কাউকে না জানালেও সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকরাম উল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, যে কারণে তাকে উচ্চতর চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তার এক স্বজন।
ঘটনাটি জানাজানি হলে গতকাল রাতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ মোস্তফাকে আটক করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার বিচার দাবিতে এলাকাবাসী নান্দাইল মডেল থানায় গিয়ে দোষীর কঠোর শাস্তি দাবি করেন। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম।
বেলা একটার দিকে শিশুটির বাবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। তিনি তার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কঠিন শাস্তি চান তিনি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
মতামত দিন