Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে তরুণীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির সন্ধানে থাকা এক তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ২২ বছর বয়সী ভুক্তভোগী নারী বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে সোমবার (২ মার্চ) রাতে মদনপুর এলাকায় রহমত মিয়া (৩৪) নামে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার রহমত মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলদারি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার কুতুবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ভবনে অস্ত্রের মুখে জিম্মি করে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়। সে সময় তিনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি রিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর অভিযুক্ত বিভিন্ন নম্বর থেকে ফোন করে যোগাযোগের চেষ্টা করলে কৌশলে তাকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ