ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মরক্কোর তরুণ প্রতিভা বুয়াদি
অনেক চেষ্টার পর অবশেষে আয়ুব বুয়াদিকে দলে নিতে লিলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। বিবিসির খবর অনুযায়ী, মরক্কোর ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে সিটির খরচ হবে ১০ কোটি ইউরো।
লিল প্রাথমিকভাবে ৮ কোটি ১৪ লাখ পাউন্ড ট্রান্সফার ফি এবং অতিরিক্ত ৪২ লাখ পাউন্ড বোনাসের প্রস্তাব গ্রহণ করেছে। সব মিলিয়ে চুক্তির মূল্য দাঁড়াচ্ছে ৮ কোটি ৫৬ লাখ পাউন্ড, যা প্রায় ১০ কোটি ইউরোর সমান।
এই সপ্তাহের শুরুতে দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়ে যাওয়ার খবর দিয়েছিল বিবিসি। এবার চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর খবর এলো।
কেন্দ্রীয় মিডফিল্ড শক্তিশালী করতে সিটি এবার বেশ সক্রিয়। মিডফিল্ডার রদ্রিকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বার্সেলোনার কাছে এবং টিয়ানি রেইন্ডার্সকে ৫ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ার কাছে বিক্রি করেছে তারা। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়েছে সিটি।
এদিকে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকেও দলে নেওয়ার আগ্রহ রয়েছে সিটির। তবে সেই চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এবারের বিশ্বকাপে মরক্কোর হয়ে আলো ছড়িয়েছেন বুয়াদি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে দলের ছয় ম্যাচের পাঁচটিতে তিনি ছিলেন একাদশে। ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বড় মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই তরুণ।
২০২৩ সালের অক্টোবরে ১৬তম জন্মদিনের মাত্র তিন দিন পর লিলের মূল দলে অভিষেক হয় বুয়াদির। এরপর ক্লাবটির হয়ে ৮৮ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে লিগ আঁয়ে লিলের তৃতীয় হওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।
মতামত দিন